ছবি: জঙ্গল সলিমপুর।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক পাকা করতে জরুরি ভিত্তিতে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে দিয়ে এসব সড়ক নির্মাণের লক্ষ্যে গত ২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত দুর্গম পাহাড়ি এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সড়ক তিনটি দ্রুত পাকা করা প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিশেষ থোক বরাদ্দ চাওয়া হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পরিষদের মাধ্যমে অর্পিত ক্রয়কাজ (ডিপিএম) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে দিয়ে সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসনের মতে, এই সংস্থার অভিজ্ঞতা থাকায় কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
জেলা প্রশাসন বলছে, দুর্গম এলাকায় যোগাযোগ অবকাঠামো না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পে খাবার, পানি, রসদ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ ব্যাহত হচ্ছে। তাই তিনটি সংযোগ সড়ক নির্মাণ প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে জরুরি।
জঙ্গল সলিমপুর এলাকায় নব্বইয়ের দশক থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে অতীতে নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহারের ঘটনাও ঘটেছে।
গত ১৯ জানুয়ারি র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও তিনজন আহত হন।
এরপর ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় চার হাজার সদস্যের যৌথ অভিযানে এলাকা দখলমুক্ত করা হয়। পরবর্তীতে সেখানে যৌথ বাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হয়।
তবে গত রোববার গভীর রাতে আলীনগর এলাকায় র্যাব ক্যাম্পে গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং ক্যাম্পের অবকাঠামো ভাঙচুর করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর চলাচল বাধাগ্রস্ত করতে তিনটি স্থানে সড়ক কেটে দেওয়ার ঘটনাও ঘটে।
জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী মোট সোয়া ছয় কিলোমিটার দীর্ঘ তিনটি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।
প্রস্তাবিত সড়কগুলো হলো—
বায়েজিদ লিংক রোড থেকে কালা পানিয়া বেতুয়া সড়ক হয়ে হাটহাজারী বাজার লিংক সড়ক পর্যন্ত উন্নয়ন: প্রায় ৮ কোটি টাকা
জলিল টেক্সটাইল থেকে আলীনগর প্রাইমারি ও হাইস্কুল সড়ক উন্নয়ন: প্রায় ৫ কোটি টাকা
ছিন্নমূল বিদ্যুৎ অফিস থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এম আর চৌধুরী ফায়ারিং রেঞ্জ সড়ক উন্নয়ন: প্রায় ৩ কোটি টাকা
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়কগুলো পাকা হলে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক তৎপরতা এবং স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
