প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইন বিচ্ছিন্ন, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
প্রকাশ: ০৩ জুন ২০২৬ ২০:৫৪
ছবি: সংগৃহীত
দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর অফিস খোলার দিন সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত স্পর্শকাতর ‘রেড টেলিফোন’ হঠাৎ অকার্যকর হয়ে পড়ার ঘটনায় প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুন সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয় পরিদর্শনের সময় দেখা যায়, রেড টেলিফোনে কোনো সংযোগ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
বিটিসিএলের কর্মকর্তারা টানা প্রায় সাত ঘণ্টা কাজ করে বিকেল ৩টার দিকে সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারের একাধিক গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর রেড টেলিফোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ। সাংবিধানিক পদধারী ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য এ বিশেষ টেলিফোন ব্যবহার করা হয়। ফলে এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা।
বিটিসিএল সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে ঘটনার কারণ এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে প্রাথমিক অনুসন্ধানে সচিবালয়ের পুরাতন ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ কপার ক্যাবলের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন ও কিছু জায়গায় কাটা অবস্থায় পাওয়া গেছে। এর ফলে শুধু সাধারণ টেলিফোন নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেড টেলিফোনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার তদন্তের জন্য বিটিসিএল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের অভিযোগ, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনাগুলোর একটি হওয়া সত্ত্বেও সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থায় নানা দুর্বলতা রয়েছে। সাধারণ মানুষ ও দর্শনার্থীদের অবাধ যাতায়াত এবং নিরাপত্তা বলয়ের দুর্বলতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
সচিবালয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও নিরাপত্তা জোরদারে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)সহ একাধিক সংস্থাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
