https://www.emjanews.com/

16149

surplus

প্রকাশিত

০৬ জুন ২০২৬ ২১:০৩

অন্যান্য

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ২১:০৩

ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত থাকায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে জেলা সদর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও কমবে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে হাসপাতালগুলোর অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার কাজ এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি এবং অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে। ফলে রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে জেলা বা বিভাগীয় হাসপাতালে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ অফিস আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। এছাড়া নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই-মেইলের মাধ্যমেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।