ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল রোববার (৭ জুন) শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এ অধিবেশন রোববার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।
এ অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করতে পারেন বলে জানা গেছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা, মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের প্রস্তাব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়, যা সংসদের কার্যক্রমে একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিতর্কেরও প্রত্যাশা করছেন সংসদ সংশ্লিষ্টরা।
