https://www.emjanews.com/

16172

art-literature

প্রকাশিত

০৭ জুন ২০২৬ ২০:১৯

শিল্প সাহিত্য

সঠিক প্রশিক্ষণ ছাড়া নৃত্যশিল্প বিকৃত হয়: নৃত্য বিশেষজ্ঞদের সতর্কতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত

শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শাস্ত্রীয় মণিপুরী নৃত্য বাংলাদেশ, বিশেষ করে সিলেট অঞ্চল এবং ভারতের মণিপুরী সম্প্রদায়ের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই নৃত্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সিলেটে আয়োজন করা হয় দুই দিনব্যাপী শাস্ত্রীয় মণিপুরী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা।

সিলেট নৃত্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে রবিবার (৭ জুন) বিকেল ৪টায় সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ও সিলেট নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শিনিয়া সাহা ঝুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেটের ঐতিহ্যবাহী দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটারের সভাপতি, অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক কামাল আহমদ দুর্জয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্সট্রাক্টর (নৃত্য) ও জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা।

তিনি বলেন, ‘শিল্প-সংস্কৃতি একটি শিক্ষণীয় বিষয়। সঠিক নিয়মে চর্চা না হলে তা সহজেই বিকৃত হয়ে যেতে পারে। নৃত্য শুধু শিল্প নয়, এটি একটি শৃঙ্খলাবদ্ধ শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘সিলেট একটি নান্দনিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। এখানে শিল্প ও সংস্কৃতির সমন্বয় রয়েছে। প্রশিক্ষণ নিয়ে সবাই নৃত্যশিল্পী হবে- এমন নয়, তবে এই শিল্পের প্রতি ভালোবাসা তৈরি হওয়াই আমাদের সাফল্য।’

তিনি মন্তব্য করেন, নিয়মিত চর্চা ও সঠিক প্রশিক্ষণের অভাবে সমাজে নৃত্যশিল্পীদের নিয়ে ভুল ধারণা তৈরি হয়। প্রকৃত অর্থে শাস্ত্রীয় নৃত্য একটি কঠোর শৃঙ্খলার শিল্প।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি শাহ মো. আলী রব (নানা ভাই), সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাকের সিলেট ব্যুরো চিফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, লেখক ও কবি সাজন আহমদ সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মালেক আহমদ এবং মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আকাশ।

এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন- ছড়াকার ও লোকমান হাফিজজিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ এবং সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম মেনন।

কর্মশালার শেষ দিনে কার্যক্রম পরিদর্শন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাংগঠনিক সম্পাদক কামাল খান। এ সময় কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তা কবির আহমদ, সাংবাদিক নিজাম উদ্দিনসহ গণমাধ্যম কমিশনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মণিপুরী নৃত্য ভারতের অন্যতম প্রাচীন ও শাস্ত্রীয় নৃত্যশৈলী। মণিপুর রাজ্যের মৈতি জনগোষ্ঠীর সংস্কৃতি ও বৈষ্ণব ভক্তিবাদের সমন্বয়ে এ নৃত্যের বিকাশ ঘটে। কৃষ্ণ ও রাধার রাসলীলা ভিত্তিক এই নৃত্যশৈলীর বৈশিষ্ট্য হলো ধীর, কোমল ও মার্জিত ভঙ্গিমা, যেখানে সূক্ষ্ম হাতের মুদ্রা ও সুষম দেহভঙ্গি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।