ছবি: ডিএসএ, সিলেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেইম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ (সিলেট জেলা)’-এর ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৮ জুন) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ৩৭ রানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং দেশের ক্রিকেটের মানোন্নয়নে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. হুমায়ুন কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান এবং ইমতিয়াজ হোসেন তান্না।
স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট জেলা কোচ মো. রানা মিয়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জাহেদ রাহী, প্রাইম ব্যাংক পিএলসি’র নয়াসড়ক শাখার ম্যানেজার ধ্রুবজ্যোতি চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুক আহমদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সাবেক ক্রিকেটার রিংকু সরকার, পলাশ কর, নাসির উদ্দিন, ইমরান আলী এনাম, সাদীসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সংশ্লিষ্টরা জানান, স্কুল পর্যায়ে ক্রিকেটের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
