ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ‘ন্যাচারাল পার্ক’-এ উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি গ্রহণ করেছেন, যা দেশের পরিবেশ সুরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ।
তিনি বলেন, ‘এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী উদ্যোগ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করবে। বিশেষ করে সিলেট অঞ্চলে বনায়ন বৃদ্ধি এবং পাহাড়-প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি জানান, জেলা পরিষদের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ কর্মসূচির সাফল্য সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ন্যাচারাল পার্ক প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
