ছবি: সংগৃহীত
গ্রেপ্তার এড়াতে নামাজের ইমামতি করার কৌশল নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি গোলাম আজম (৪৫) নামে এক আসামির। নামাজের সময় মুসল্লিদের সিজদায় রেখে পালিয়ে যাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে দায়ের করা একটি মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী।
মামলার বাদী জাকির হোসেন মিজি চাঁদপুর আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানের সময় গোলাম আজম আসরের নামাজ আদায়ের জন্য পুলিশের কাছে অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জামাতে নামাজ শুরু করেন এবং নিজেই ইমামতি করেন। কিন্তু নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে তিনি পেছনের একটি পথ দিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় মুসল্লিরা সিজদারত অবস্থায় ছিলেন।
ঘটনার পর তাকে ধরতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অবশেষে বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের সময় আসামি নামাজের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও পরে তাকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট একাধিক অভিযোগ ও মামলার তথ্য রয়েছে। বর্তমান মামলার অভিযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
