আইইএলটিএসে প্রযুক্তিগত ত্রুটি, ক্ষতিগ্রস্ত ৬২ হাজার পরীক্ষার্থী
প্রকাশ: ১৭ জুন ২০২৬ ২২:১৫
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার অন্যতম জনপ্রিয় পরীক্ষা আইইএলটিএস (IELTS)-এর ফলাফল মূল্যায়নে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। এ ঘটনায় পরীক্ষার অন্যতম অংশীদার ও পরিচালনাকারী সংস্থা কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৪২ লাখ টাকা।
অফকোয়াল জানিয়েছে, কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতির যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বজুড়ে হাজারো পরীক্ষার্থীর ফলাফল ভুলভাবে প্রকাশিত হয়েছিল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই বছর ধরে এই ত্রুটি বিদ্যমান ছিল।
এই সময়ে বিশ্বব্যাপী প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয় এবং ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভুল নম্বর পান।
পরবর্তীতে ফলাফল পুনর্মূল্যায়নের মাধ্যমে সংশোধন করা হলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর বেড়েছে। অন্যদিকে ভুলবশত প্রকৃত নম্বরের চেয়ে বেশি স্কোর পাওয়া ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর ফলও সংশোধন করা হয়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট (SELT) পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে চারজন পরীক্ষার্থীর ভিসা-সংক্রান্ত যোগ্যতা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তীতে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
অফকোয়ালের ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, “হাজার হাজার মানুষ এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দীর্ঘ সময় ধরে চলা এই পদ্ধতিগত ব্যর্থতার কারণে পরীক্ষার্থী ও ফল ব্যবহারকারী প্রতিষ্ঠান উভয়ই ভোগান্তির শিকার হয়েছে। জরিমানার এই সিদ্ধান্ত সেই গাফিলতিরই প্রতিফলন।”
জানা গেছে, কেমব্রিজ ইংলিশের নিজস্ব মনিটরিং ব্যবস্থাও দীর্ঘদিন ত্রুটিটি শনাক্ত করতে পারেনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় বিষয়টি প্রথম ধরা পড়ে। এরপর সংস্থাটি তাৎক্ষণিকভাবে অফকোয়ালকে অবহিত করে।
এদিকে কেমব্রিজ ইংলিশ তাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। ত্রুটি সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সহায়তা, কাস্টমার সাপোর্ট হাব পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে ৬০ লাখ পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।
আইইএলটিএস কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা সম্পূর্ণ পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
