ছবি: ঢাকায় ইতালির দূতাবাস।
লিবিয়া বা অন্য কোনো ট্রানজিট দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে আর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকায় ইতালির দূতাবাস।
ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হওয়ার পর সোমবার (১৫ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে নতুন অভিবাসন আইন কার্যকর হয়েছে। নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করা হবে এবং দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
বার্তায় বলা হয়, যারা অবৈধ পথে ইতালিতে প্রবেশের চেষ্টা করবেন, তাদের পক্ষে দেশটিতে অবস্থান করা বা কর্মসংস্থানের সুযোগ পাওয়া সম্ভব হবে না। তাই অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পরিবর্তে বৈধ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।
ইতালির দূতাবাস আরও জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য বৈধভাবে ইতালিতে যাওয়ার বিভিন্ন সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন এবং শিক্ষার্থী ভিসার আওতায় হাজার হাজার বাংলাদেশিকে ইতালিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সুযোগ কেবলমাত্র বৈধ প্রক্রিয়া অনুসরণকারী আবেদনকারীদের জন্য প্রযোজ্য। তাই প্রতারণার ফাঁদে না পড়ে এবং জীবনের ঝুঁকি না নিয়ে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসনের ঝুঁকি কমানো এবং মানবপাচার রোধে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
