ছবি: সংগৃহীত
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রবল বিজলি চমকানো ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ১৫ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৪ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
আবহাওয়া অফিস সম্ভাব্য বজ্রপাত ও ভারী বর্ষণের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
