সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৬৩ জনকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, সোমবার (২২ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি, চোরাচালানকারী এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। তাদের কাছ থেকে ১৪০০ পিস কিটক্যাট চকলেট, ২৪ কেজি ৬ পুরিয়া গাঁজা এবং ১০ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের অংশ হিসেবে ট্রাফিক বিভাগও পৃথক কার্যক্রম চালায়। এ সময়ে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৭৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
