উগান্ডায় শীর্ষ দুই সংবাদমাধ্যমের কার্যক্রম স্থগিতের নির্দেশ সেনাপ্রধানের
প্রকাশ: ২৯ জুন ২০২৬ ১৯:১২
ছবি: সংগৃহীত
উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে মুহুজি কাইনেরুগাবা দেশটির অন্যতম দুই প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে, তিনি ‘অবাধ বা মুক্ত গণমাধ্যমের ধারণায় বিশ্বাস করেন না।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা বলেন, তার অনুমতি ছাড়া উল্লিখিত দুটি গণমাধ্যম পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে না। তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি প্রকাশ করেননি।
ডেইলি মনিটর উগান্ডার অন্যতম বৃহৎ স্বাধীন দৈনিক পত্রিকা, আর এনটিভি উগান্ডা দেশটির জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর একটি। উভয় প্রতিষ্ঠানই কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপ (এনএমজি)-এর মালিকানাধীন।
রোববার (২৮ জুন) রাজধানী কাম্পালায় এনএমজির কার্যালয়ে সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ভবনে কর্মীদের প্রবেশ ও বের হওয়ার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সময়ে এনটিভি উগান্ডা এবং এনএমজির অধীন অন্যান্য সম্প্রচারমাধ্যমের সম্প্রচারও বন্ধ ছিল।
ঘটনার বিষয়ে উগান্ডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এনএমজির উগান্ডা শাখার ব্যবস্থাপনা পরিচালকও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবাকে বিবেচনা করা হয়। অতীতেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালেও প্রেসিডেন্ট মুসেভেনির সরকার ডেইলি মনিটরের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। সে সময় প্রেসিডেন্টের উত্তরসূরি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানা যায়।
