ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইতিহাসে এই প্রথম উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিম গোলাম কবিরকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসী।
দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিমের দায়িত্ব পালন করায় গোলাম কবিরকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে এলাকার যুবসমাজ।
শুক্রবার (৩জুলাই) জুমার নামাজ শেষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মসজিদ থেকে তাঁর নিজ বাড়ি পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা এবং মাইক্রোবাসে করে পৌঁছে দেওয়া হয়। এ সময় এলাকার শত শত যুবক ও মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মুয়াজ্জিনকে এক নজর দেখতে গ্রামের নারী পুরুষ ছাত্রছাত্রী রাস্তার পাশে ভীড় জমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন ও আজিজুল মিয়া,আব্দুল কালাম।
যুবসমাজের পক্ষে সাংবাদিক আলী হোসেন খান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ সময় গ্রামের যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বক্তব্য দেন ফারুক মিয়া, আনর মিয়া এবং আলী হোসেন রাজ, নাজির আলী, রকি মিয়া, সায়েক মিয়া।
বক্তারা বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক-এ কামনাও করেন তারা।
অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের যুবক, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
