জুড়ী সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
আটকদের পরিচয় যাচাই শেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ২০:৩০
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে আটক ব্যক্তিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে।
আটকদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হলেও তারা বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি না দিয়ে বৃহস্পতিবার রাতেই ভারতে ফেরত পাঠানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।”
এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
