মৌলভীবাজারে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রে প্তা র
উদ্ধার প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র; গ্রেপ্তারদের বিরুদ্ধে রয়েছে ৪৬টি মামলা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ২০:২৭
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানার একটি বিশেষ দল উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে আটক করে।
গ্রেপ্তাররা হলেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।
পুলিশ জানায়, কাউছারের বিরুদ্ধে ১১টি, জসিমের বিরুদ্ধে ১২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি লোহার ছোরা উদ্ধার করা হয়েছে।
এর আগে পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে মৌলভীবাজার সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে। তিনি রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলাব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
