https://www.emjanews.com/

16849

sylhet

প্রকাশিত

০৩ জুলাই ২০২৬ ২০:১৩

সিলেট

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিজিবির ফাঁকা গুলি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ ২০:১৩

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে ট্রাক আটকের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সতর্কতামূলক ফাঁকা গুলি এবং শ্রমিকদের প্রায় দুই ঘণ্টার মহাসড়ক অবরোধে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।

শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এই সংঘাতের সূত্রপাত ঘটে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে টহল দেওয়ার সময় অবৈধ পাথরবোঝাই চারটি ট্রাক জব্দ করে বিজিবি। সকালে ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা বাধা দেয় এবং তিনটি ট্রাক ছিনিয়ে নিয়ে পাথর আনলোড করে ফেলে। একটি ট্রাক নিয়ে আসার পথে গুচ্ছগ্রাম এলাকায় বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় শ্রমিকরা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিজিবি সদস্যরা নিজেদের রক্ষায় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

শ্রমিকদের দাবি, বিজিবি চালককে মারধর করেছে এবং অহেতুক গুলি চালিয়েছে। এই অভিযোগ তুলে কয়েকশ শ্রমিক সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন। প্রশাসনের সুষ্ঠু সমাধানের আশ্বাসে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তীতে অবৈধ পাথর পরিবহনের দায়ে আটককৃত ট্রাকে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত ট্রাকটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেন।