https://www.emjanews.com/

16873

surplus

প্রকাশিত

০৪ জুলাই ২০২৬ ১৯:৩৪

অন্যান্য

কুমারগাওয়ে ফেরদৌস মেমোরিয়াল ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ১৯:৩৪

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, `সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদেরই আপনজন। অভাবের তাড়নায় তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। অথচ চিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ছাড়া নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। এইধরণের ভালো কাজে উৎসাহ দিতে হবে। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে। সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।'

তিনি বলেন, `আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু একটি সরকার ক্ষমতায় যাওয়ার পর সেই স্বপ্ন ধীরে ধীরে নস্যাৎ হতে চলেছে। রাস্ট্রের প্রতিটি স্তরে অরাজকতা লক্ষ্য করা যাচ্ছে। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দিন দিন বেড়ে চলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে।'

তিনি শুক্রবার (৩ জুলাই) সিলেট নগরীর কুমারগাঁও টুকেরবাজার এলাকার গফুর মিয়া কিন্ডারগার্টেনে সমাজসেবামূলক সংগঠন ‘মেডিসিন ক্লাব’ এবং ফেরদৌস মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ট্রাস্টের চেয়ারম্যান ফেরদৌস আহমদের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আব্দুর রহীম, জালালাবাদ থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, জামায়াত নেতা উবায়দুল হক শাহীন, বিশিষ্ট সমাজসেবী প্রভাষক দুলাল আহমদ, ৩৮নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শামসুল হক, শ্রমিক নেতা শামসুল আলম বদরুল ও সমাজসেবীঅ সাব্বির মাহমুদ শাহীন প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং হেপাটাইটিস-বি বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও পরিচালিত হয়।

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।