ছবি: তারেক আহমদ।
সৌদি আরবে ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের কানাইঘাটের যুবক তারেক আহমদ (২৫)।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় বিকেলে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত তারেক আহমদ কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) কর্মস্থলের দায়িত্ব পালন শেষে সন্ধ্যা ৭টার দিকে জেদ্দা শহরে ড্রাইভিং শিখছিলেন তারেক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় তারেক গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কানাইঘাটের ৫ নম্বর বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, প্রবাসে ড্রাইভিং শিখতে গিয়েই মূলত এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তারেকের অকাল মৃত্যুতে তার নিজ গ্রাম মুক্তাপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
