https://www.emjanews.com/

16898

international

প্রকাশিত

০৫ জুলাই ২০২৬ ১৮:৫১

আন্তর্জাতিক

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

১২ হাজারেরও বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে প্রশাসন।

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ১৮:৫১

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ব্যাপক ধরপাকড় অভিযানের মধ্য দিয়ে এক সপ্তাহেই ১৫ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভাঙায় ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৩৪৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়াও অবৈধভাবে সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লিখিত সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১২ হাজার ২৯২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে অন্তত ২৭ হাজার ৪৪৫ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২ হাজার ৩৩ জন নারী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার এবং ৪৬ শতাংশ ইয়েমেনের নাগরিক। যথাযথ ভ্রমণ নথি সংগ্রহের জন্য আরও ১৬ হাজার ৯১২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা বা আশ্রয় দেওয়ার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সরকার। আইন ভঙ্গকারীকে পরিবহণ বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। প্রায় সাড়ে তিন কোটি জনসংখ্যার এই দেশটিতে নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।