ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা ও মা।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাদের ছেলে ফরহাদ (৩০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নুরুল আমিনের বাড়ির সামনে থাকা তাদের নিজস্ব মুদির দোকানের টিনের চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে চালের ওপর পড়ে। এতে পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়।
এ সময় দোকানের চালের ওপর থাকা ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়েন। তাকে উদ্ধার করতে গেলে বাবা নুরুল আমিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ছেলে ও স্বামীকে বাঁচাতে ছুটে যান ফাতেমা বেগম। তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
