ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ছয়জন জেলে। নিখোঁজদের সন্ধানে উত্তাল সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে গত শনিবার রাতে ১১ জন জেলে সাগরে রওনা হন। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারের ভাঙা অংশ ও বয়া আঁকড়ে ধরে জেলেরা উত্তাল সাগরে ভাসতে থাকেন। দীর্ঘ ছয় ঘণ্টা পর রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাদের দেখতে পেয়ে পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২), সজিব (২৫) ও বায়েজিদ (৩০)। এর মধ্যে গুরুতর আহত বায়েজিদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো সন্ধান মেলেনি ইমাদুল খা (৪৫), হারুন (৬০), ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং আক্কাস (২৫)-এর। নিখোঁজদের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক জানান, ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। কোস্টগার্ডের বিশেষ টিম নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে অভিযান পরিচালনা করছে। নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
