https://www.emjanews.com/

17242

sylhet

প্রকাশিত

২১ জুলাই ২০২৬ ১৫:৪২

সিলেট

সিলেটে ৩২ ঘন্টায় গ্রেফ/তার শতাধিক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ১৫:৪২

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) মধ্যরাত থেকে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। অভিযানকালে পুলিশের হাতে বিপুল পরিমাণ চোরাই পণ্যও উদ্ধার হয়েছে, যার মধ্যে ১৮৯১ পিস ভারতীয় চকলেট এবং বাজারমূল্যে প্রায় ৪৩ হাজার ৬০০ টাকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী রয়েছে।

অন্যদিকে, সড়ক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ছিল এসএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯১টি যানবাহন জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ১৫৭টি যানবাহনকে শাস্তির আওতায় আনা হয়।

এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গড়ার লক্ষ্যে পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে।