বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে এই সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে।
থাইল্যান্ড বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের এখনো বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, চামড়া, তৈরি পোশাক এবং অটোমোবাইল যন্ত্রাংশের মতো সম্ভাবনাময় খাতে থাই বিনিয়োগকারীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে তার ভৌগোলিক কৌশলগত অবস্থান, বিশাল ভোক্তা বাজার এবং বিনিয়োগবান্ধব নীতির কারণে বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে উভয় দেশ কাজ করবে। তাঁর মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী কেবল পণ্য লেনদেন নয়, বরং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সেতুবন্ধন তৈরির একটি কার্যকর মাধ্যম।
রয়্যাল থাই দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
