https://www.emjanews.com/

17205

national

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৯:১৯

জাতীয়

আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর বৈঠক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৯:১৯

ছবি: সংগৃহীত

সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র মহাপরিচালক গিলবার্ট হোংবোর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন উভয় নেতা।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালককে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ঐতিহাসিক 'বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬' প্রণয়নকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী গর্বের সাথে জানান, এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইএলও-র ১০টি মৌলিক কনভেনশনই অনুসমর্থন করেছে, যা আন্তর্জাতিক শ্রম পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এ সময় তিনি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য 'এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম' জাতীয়করণ এবং জেলা-উপজেলা পর্যায়ে কর্মসংস্থান এক্সচেঞ্জ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন।

শ্রম অভিবাসনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দীর্ঘ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, অভিবাসনে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে স্বল্প খরচে সরাসরি কর্মী পাঠাতে সরকার কাজ করছে। পাশাপাশি শ্রম পরিদপ্তরের সক্ষমতা বাড়াতে নতুন পরিদর্শক নিয়োগ ও ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কাজ দ্রুত গতিতে এগুচ্ছে বলে তিনি জানান। আইএলও-র ধারা ২৬ এর অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্যও তিনি মহাপরিচালকের প্রতি আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের সাম্প্রতিক সংস্কারমুখী পদক্ষেপ এবং শ্রম আইন প্রণয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইপিজেডসহ সব কর্মক্ষেত্রে সংগঠনের স্বাধীনতা ও আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে আইএলও বাংলাদেশের পাশে থাকবে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ আব্দুর রহমান তরফদার এবং আইএলও-র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।