https://www.emjanews.com/

17494

national

প্রকাশিত

০২ আগস্ট ২০২৬ ১৩:৪৯

আপডেট

০২ আগস্ট ২০২৬ ১৩:৫৪

জাতীয়

দুবাই কা/রাগা/র থেকে জামিনে মুক্ত বেনজীর

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ১৩:৪৯

দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গত সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।

কারামুক্তির তিনি জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

দুবাইয়ের একাধিক সূত্র জানায়, তার জামিনের ক্ষেত্রে আদালত কিছু শর্ত আরোপ করেছে। এসব শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে দুর্নীতি দমন কমিশন দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহায়তায় এবং ইন্টারপোল এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ।

এর আগে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।

 

সূত্র-এশিয়াপোস্ট