https://www.emjanews.com/

17503

national

প্রকাশিত

০২ আগস্ট ২০২৬ ১৯:১২

জাতীয়

এনআইডি সংশোধন সহজ করতে নতুন উদ্যোগ

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ইসি সূত্র জানায়, এনআইডি সংশোধনের ক্ষেত্রে দাখিলকৃত প্রমাণক বা নথিপত্র সঠিকভাবে যাচাই-বাছাই এবং বিদ্যমান জটিলতা নিরসনে এই কমিটি কাজ করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) এবং সদস্য সচিব হিসেবে থাকবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে- এনআইডিতে চাহিত পরিবর্তনের ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করা এবং কোন পরিবর্তনের জন্য কী কী সুনির্দিষ্ট দলিল প্রয়োজন হবে তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা। বিশেষ করে ‘ঘ’ ক্যাটাগরির আবেদনে নথিপত্রের অভাবে পূর্বে বাতিল হওয়া আবেদনগুলো পুনরায় পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করবে এই কমিটি।

এ ছাড়া, ডিজিটাল পদ্ধতিতে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সিএমএস পোর্টালে কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত সংস্কারের প্রয়োজন আছে কি না, সে বিষয়েও মতামত দেবে কমিটি। দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি এনআইডি লক-আনলক এবং রোলব্যাক করার যৌক্তিকতা বিষয়েও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখবে এই চার সদস্যের দল।