বিমানবন্দরে যাত্রী রেখে উধাও, ভুয়া ভিসা কাণ্ডে সিলেটে গ্রেফতার মূলহোতা
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৮:৫৩
ছবি: সংগৃহীত
ইউরোপের দেশ সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে সিলেটে এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতার আই এ মারুফ আহমদ (৩৪) সিলেটের জালালাবাদ থানার পাইকরাজ এলাকার মৃত হাবীব আহমদের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার নথিপত্র ও র্যাব সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার মোস্তফানগর এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন তার ছেলে ও শ্যালকের ছেলেকে উন্নত জীবনের আশায় ইউরোপ পাঠাতে আম্বরখানার ‘গোল্ডেন টাওয়ার’-এ অবস্থিত একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। চক্রটি ১৮ লাখ টাকার বিনিময়ে তাদের সার্বিয়ায় পাঠানোর চুক্তি করে। সরল বিশ্বাসে আফতাব উদ্দিন চুক্তির পুরো টাকা পরিশোধ করেন। এরপর ২০২৫ সালের ২০ নভেম্বর ভুক্তভোগীদের হাতে ভিসা তুলে দেয় ওই এজেন্সি।
প্রতারণার চূড়ান্ত নাটক সাজানো হয় গত ১৬ ডিসেম্বর। অভিযুক্ত মারুফ ও তার সহযোগী কে এম জাকির আহমদ মনি তিন বিদেশগামীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান। সেখানে তাদের বসিয়ে রেখে কৌশলে পালিয়ে যান চক্রের সদস্যরা। পরে ফোনে ফ্লাইটের সময় পরিবর্তনের অজুহাত দিয়ে তাদের সিলেটে ফিরে যেতে বলা হয়। পরে অন্য একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচাই করে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের দেওয়া ভিসাগুলো ছিল সম্পূর্ণ ভুয়া।
প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় আফতাব উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মারুফকে গ্রেফতার করে। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
