সিলেটে বাস দু/র্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা মন্ত্রী আরিফের: তদন্ত কমিটি গঠন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৫:৫৮
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তাদের খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটিএর মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ করবে।
শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হন।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসের বেপরোয়া গতি এবং উভয় বাসের চালকের ঘুম ঘুম ভাব দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এদিকে দূর্ঘটনাকবলিত ইউনিক পরিবহনের ও বেঙ্গল পরিবহন বাস দুটি পুলিশি হেফাজতে রয়েছে। দূর্ঘটনার পর বিআরটিএ জানিয়েছে, বেঙ্গল পরিবহনের স্লিপিং বাসটির অনুমোদিত নকশার পরিবর্তন ছিলো। এসি বাসের অনুমোদন নিয়ে তা স্লিপিং বাসে রূপান্তর করা হয়।
