ছবি: সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইতালির রোম বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬০ জন যাত্রী। টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইটটি গত ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে গ্রাউন্ডেড হয়ে থাকায় শিশু ও বৃদ্ধসহ যাত্রীদের বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে হয়েছে।
অভিযোগ উঠেছে, এই দীর্ঘ সময়ে যাত্রীদের জন্য পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও বিশ্রামের নূন্যতম ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে বিমান কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, ত্রুটি ধরা পড়ার পর প্রায় ৮ ঘণ্টা যাত্রীদের বিমানের ভেতরেই বসিয়ে রাখা হয়। পরে নামিয়ে আনা হলেও ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তারা হোটেলেও যেতে পারেননি। বিমান কর্তৃপক্ষ একটি লাউঞ্জের ব্যবস্থা করলেও তা ছিল ধারণক্ষমতার তুলনায় অপ্রতুল, ফলে অনেককে বিমানবন্দরের মেঝেতে শুয়েই রাত পার করতে হয়।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ডায়াবেটিক রোগীদের ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধ লাগেজে থাকায় তারা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। শিশুদের খাবারের সংকট এবং সময়মতো খাবার সরবরাহ না করায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।
এক যাত্রী জানান, বিমানে দীর্ঘক্ষণ আটকে রাখার পর অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের নামিয়ে আনা হয়, কিন্তু এরপরও মেলেনি সঠিক ব্যবস্থাপনা।
এদিকে শনিবার (৮ আগস্ট) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রকৌশলী দল রোমের উদ্দেশে রওনা হয়েছেন। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার রাত ১০টায় (স্থানীয় সময়) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে রোববার সকালে যাত্রীদের ঢাকা পৌঁছানোর সম্ভাবনা আছে। অর্থাৎ, যান্ত্রিক ত্রুটির কারণে সব মিলিয়ে প্রায় ৪০ ঘণ্টা রোমে কাটাতে হচ্ছে এই যাত্রীদের।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, ইতালিতে বিমান মেরামতের দায়িত্বে থাকা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হয়েছে।
মন্ত্রী আরও জানান, বিমানের বহরে থাকা পুরোনো উড়োজাহাজগুলোর বদলে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগের পরিকল্পনা রয়েছে।
