সিলেট নগরের একটি আইসক্রিম কারখানায় আত্মগোপনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকায় জমির ফসল নষ্ট করা নিয়ে বিরোধের জেরে হামদু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত হামদু মিয়া ওই এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ভিকটিমের পরিবারের সঙ্গে বিবাদীদের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিবাদীরা গরু দিয়ে ভিকটিমের জমির ফসল খাওয়ালে বাধা দেন হামদু মিয়া। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সকাল ৯টার দিকে আবুল খায়েরের হুকুমে বিবাদীরা দলবদ্ধ হয়ে হামদু মিয়ার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তাকে রক্ষা করতে গেলে পরিবারের আরও কয়েকজন আহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ জানায়, মামলার প্রধান আসামি আবুল খায়ের পলাতক থাকায় তাকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কোতোয়ালী থানা এলাকায় একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
