ছবি: ইমজা নিউজ
সিলেট বিভাগে হাম পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ২৮ জনের শরীরে এই রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো-সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ মাস বয়সী শিশু ইয়াসিন এবং সুনামগঞ্জের ৫ মাস ১৯ দিন বয়সী শিশু মো. সাইফান। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে ৯৪২ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের অস্তিত্ব মিলেছে।
হাসপাতালগুলোর তথ্যানুসারে, সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে ভর্তির হারও বেড়েছে। গত একদিনেই ১১৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন রোগী। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন ভর্তি আছেন।
এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালেও হাম আক্রান্তদের চিকিৎসা চলছে।
জেলাওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, হামে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। সেখানে এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৭ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত টিকাদান এবং লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।
