শিরোনাম
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম

https://www.emjanews.com/

17974

national

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২২:৩৯

জাতীয়

ইমিটেশনের চুড়ি রেখে ৯৯ ভরি স্বর্ণ লুট, ১৩ বছরের কর্মচারী গ্রেপ্তার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২২:৩৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি স্বর্ণের চুড়ি আত্মসাতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫৫ পিস স্বর্ণের চুড়ি।

পুলিশ জানায়, দীর্ঘ ১৩ বছর ধরে ওই দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)। তাঁর বিরুদ্ধে দোকানের মালিকের আস্থার সুযোগ নিয়ে স্বর্ণের চুড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামে দোকানটির মালিক বিপ্লব বসাক (৫৩)। সেখানে দীর্ঘদিন ধরে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন রোমেন দে।

গত ১৪ আগস্ট দুপুরে দোকানের কর্মীরা স্বর্ণের অলংকারের মজুত মিলিয়ে দেখতে গিয়ে অসঙ্গতি দেখতে পান। বিষয়টি মালিককে জানানো হলে তিনি দোকানে আসার জন্য বাসা থেকে রওনা হন। মালিক আসার খবর পেয়ে রোমেন দে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কৌশলে দোকান থেকে পালিয়ে যান।

পরে মজুত যাচাই করে দেখা যায়, রোমেন দে’র দায়িত্বে থাকা সাতটি বক্সে রাখা ৫৩টি স্বর্ণের চুড়ি নেই। চুড়িগুলোর ওজন প্রায় ৯২৭ দশমিক ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। চুরি করা চুড়ির পরিবর্তে বক্সগুলোতে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছিল।

এ ঘটনায় ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন দোকানের মালিক বিপ্লব বসাক।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শওকত ইমামের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আদালতের অনুমতি নিয়ে রোমেন দেকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকি ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ওই জুয়েলারি দোকান থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, শ্যামল সিংহের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে ‘মর্ডাণ রিনা জুয়েলার্স’ থেকে তিনটি, ‘সাহা জুয়েলার্স’ থেকে ১৬টি এবং বিভিন্ন বন্ধকি ব্যবসায়ীর কাছ থেকে ২০টি চুড়ি রয়েছে।

এ ছাড়া রোমেন দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার ‘মর্ডাণ রিয়া জুয়েলার্স’ থেকে তিনটি, ‘শাহ আমানত জুয়েলার্স’ থেকে তিনটি, চকবাজারের ‘ফেন্সী জুয়েলার্স’ থেকে দুটি এবং ‘তাজমহল জুয়েলার্স’ থেকে একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫৫ পিস স্বর্ণের চুড়ি, যার মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।