জার্মানিতে আগুনে ৩ ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ২৩:১১
ছবি: সংগৃহীত
জার্মানির বোখাম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে আরও পাঁচজন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে আগুন লাগার পেছনে নাশকতার সন্দেহ পাওয়ার পর হত্যার অভিযোগে রোমানিয়ার ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) জার্মান পুলিশ এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দুই নারী এবং ২৬ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। আহত পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভবনটির দ্বিতীয় তলায় তিনজনের মরদেহ দেখতে পান।
পুলিশ জানায়, রাত ৪টা ১৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। সিঁড়ির ফাঁক দিয়ে আগুন ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয়।
প্রাথমিকভাবে সাধারণ অগ্নিকাণ্ড বলে ধারণা করা হলেও তদন্তে আগুন লাগানোর সন্দেহ দেখা দেয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তকারীরা ভবনটি পরীক্ষা করে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো দুর্ঘটনাজনিত কারণে আগুন লাগার প্রাথমিক প্রমাণ পাননি। এরপর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা করেন তাঁরা।
এ ঘটনায় হত্যার অভিযোগে রোমানিয়ার ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীরা এখনো চূড়ান্ত কোনো তথ্য জানাননি।
পুলিশের তথ্য অনুযায়ী, যে ভবনে আগুন লেগে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে, সেখানে গত রোববার দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশও ডাকা হয়েছিল। এর এক দিন পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগের বিরোধের সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
