ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) অঙ্গরাজ্যটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
এফএএ-র প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করেছিল। এর গন্তব্য ছিল ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহাম। স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গন্তব্যের কাছাকাছি পৌঁছালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত ওই বিমানটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন।
আলাস্কান কমান্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি একজন বেসামরিক ঠিকাদারের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছালেও বিমানে থাকা আটজনের মধ্যে কাউকেই জীবিত পাওয়া যায়নি। বিমানটি মূলত কেপ নিউএনহাম বিমানবন্দরের রানওয়েতে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
উল্লেখ্য, এই বিমানবন্দরটি মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ রানওয়ে হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে যাতায়াত করা যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
