দুইজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ১৭ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে একজন ডিআইজিকে রংপুর মহানগর পুলিশের কমিশনার এবং আরেকজনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে মো. আসলাম উদ্দিনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে (খাগড়াছড়ি) সংযুক্ত করা হয়েছে। একই ইউনিটে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকেও সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি আগের কয়েকটি বদলির আদেশও বাতিল করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
