শিরোনাম
সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু ‘সিলেটে নয়, আমি লন্ডনে আছি’: মিসবাহ সিরাজ সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন

https://www.emjanews.com/

18074

sylhet

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৬ ১৬:৪২

সিলেট

পরিকল্পিত ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সিউকের যাত্রা শুরু

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১৬:৪২

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের প্রত্যাশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, সমন্বয়হীন উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়নসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে নতুন এই কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিউককে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো সড়ক উন্নয়ন করতে গিয়ে গ্যাস লাইন কাটা হয়, পরে আবার সেটি বসাতে হয়; একইভাবে পানির পাইপ সরিয়ে আবার নতুন করে স্থাপন করতে হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে আন্তঃসংস্থা সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিউককে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন সমন্বয়হীনতা না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে। সিলেটের ভবিষ্যৎ উন্নয়নে সিউক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে রোববার (২৩ আগস্ট) সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, সিলেট ও পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে সিউক। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিউকের রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে মোট ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এসব পদের যৌক্তিকতা নির্ধারণ, বেতন কাঠামো ও নিয়োগবিধি প্রণয়নের কাজ চলছে এবং প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে স্থায়ী ও আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের মাধ্যমে প্রাথমিক দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নগরের জন্য একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এবং সিউক আইন ২০২৩ অনুযায়ী প্রকৌশলী, স্থপতি ও কারিগরি প্রতিষ্ঠান তালিকাভুক্তির কাজ চলছে। পাশাপাশি রিয়েল এস্টেট ডেভেলপারদেরও নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

এছাড়া গণবিজ্ঞপ্তির মাধ্যমে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত বা অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে মাস্টারপ্ল্যান প্রণয়ন পর্যন্ত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিউকের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থপতি ও ডেভেলপারদের নিয়ে আধুনিক নগর পরিকল্পনা বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজনের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।