অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ২৩:০১
ছবি: সংগৃহীত
অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেছেন, দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যেসব যুবক অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘বৈধভাবে বিদেশ যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে।’
অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ পথে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে। এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইএলওর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
প্রেজেন্টেশনে তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষসারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ কারণে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময়ও বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
