https://www.emjanews.com/

18139

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৬ ২০:৩৮

আপডেট

২৮ আগস্ট ২০২৬ ০০:০৬

জাতীয়

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ২০:৩৮

ছবি: বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জাতীয় পুরস্কার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে।

কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী কমিটির সদস্য থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব পরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশ করবে এ কমিটি। একই সঙ্গে বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান এবং এ-সংক্রান্ত পরিকল্পনা নিয়েও সুপারিশ করবে তারা।

এ ছাড়া নতুন কোনো জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা যাচাই করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার দায়িত্বও কমিটির ওপর থাকবে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক সহায়তা নিশ্চিত করার বিষয়টিও কার্যপরিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠন করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিতে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এ সচিবালয়ের সভাপতি করা হয়েছে।

সচিবালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।

নতুন কমিটি জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব যাচাই-বাছাই, পুরস্কার প্রদানের পরিকল্পনা এবং নতুন পুরস্কার চালুর প্রয়োজনীয়তা পর্যালোচনায় সরকারের পরামর্শক হিসেবে কাজ করবে।