ছবি: সংগৃহীত
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের পাশাপাশি অপরাধীদের দমনে এখন থেকে আরও কঠোর ও কৌশলগত পদক্ষেপ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে (ইন্টেলিজেন্স সাপোর্ট) এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হবে। ইতিমধ্যে অপরাধ দমনে সুনির্দিষ্ট কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এছাড়াও পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ নিয়ন্ত্রণে দিকনির্দেশনা প্রদান করেন।
