‘ঘুষ.সাইট’ নিয়ে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে শিক্ষা কার্যালয়ের ২ কর্মীকে শোকজ
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩০
ছবি: সংগৃহীত
মায়ের মৃত্যুর পর সরকারি পাওনা ও পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষ দাবির অভিযোগের প্রতিবাদে ১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদ তৈরি করে ‘ঘুষ.সাইট’ (ghush.site) নামের ওয়েবসাইট। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া দুই কর্মী হলেন হিসাব সহকারী এ এইচ এম নাদিরুল হাসান (সবুজ) এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মজিবুর রহমান।
সোমবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন তাদের নোটিশ দেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
মনিকা পারভীন বলেন, ‘কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা লিখিতভাবে জানাতে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
এর আগে শাহেদের ওয়েবসাইট তৈরির নেপথ্যের কারণ নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁর বাবা ও প্রয়াত শিক্ষিকা আমিনা খাতুনের স্বামী শরীফুল ইসলামকে (শামীম) উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ডাকা হয়। সোমবার বেলা ১১টার দিকে তিনি সেখানে যান এবং সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ে অবস্থান করেন।
শরীফুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর দ্রুত কাজ শুরু হয়েছে। আগের তৈরি নথিপত্র পরিবর্তন করে নতুন নথি প্রস্তুতের কাজ চলছে। এ জন্য আরও কিছু সময় লাগবে। দ্রুতই তাঁদের পাওনা অর্থ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।
শাহেদ বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকার একটি ভাড়া বাসায় বাবার সঙ্গে থাকে। সে ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছে। তার বাবা শরীফুল ইসলাম আগে সৌদি আরবের একটি ব্যাংকে কর্মরত ছিলেন।
শাহেদের মা আমিনা খাতুন ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২২ সালের ১৬ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।
পরিবারের অভিযোগ, আমিনা খাতুনের মৃত্যুর পর তাঁর প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৭ লাখ টাকা তুলতে গিয়ে বিভিন্ন দপ্তরে মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এর মধ্যে ট্রেজারি অফিসে ১০ হাজার, জেলা শিক্ষা অফিসে ২০ হাজার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৮ হাজার টাকা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য ৮ লাখ টাকা পেতে শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা ১ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, সরকারি পাওনা পেতে ঘুষের দাবিতে ক্ষুব্ধ হয়েই শাহেদ প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুষের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সে তৈরি করে ‘ঘুষ.সাইট’ ওয়েবসাইট।
শাহেদের উদ্যোগটি সামনে আসার পর বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরেও নড়াচড়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
