সিলেটে হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় ভর্তি ১৫৪, মৃ/ত্যু আরও ২
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১
সিলেট বিভাগে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে হাসপাতালে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়েছে, পাশাপাশি যোগ হয়েছে আরও দুই মৃত্যুর খবর। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সর্বাধিক ১৬৪ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন আরও দুইজন। তাদের মধ্যে একজন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।
পরিসংখ্যান বলছে, প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মৃত্যুও থামছে না। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার ওপর বাড়ছে চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
