https://www.emjanews.com/

18332

surplus

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১

অন্যান্য

সিলেটে শুক্রবার বর্ণাঢ্য নগর পরিক্রমায় উদযাপিত হবে জন্মাষ্টমী

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২১

ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদযাপিত হবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।

উৎসবকে ঘিরে ইতোমধ্যে পুণ্যভূমি সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সিলেটের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত উপাসনা, গীতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নগর পরিক্রমা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ পূজানুষ্ঠান।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে সমবেত উপাসনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় গীতাপাঠ। বিকেল ৩টায় ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রাত ৮টায় হয় সমবেত গীতাপাঠ।

জন্মাষ্টমীর মূল আয়োজন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এ সময় মির্জাজাঙ্গালস্থ শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য নগর পরিক্রমা বের হবে।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে সিলেটের বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠন ও ভক্তদের অংশগ্রহণ থাকবে।

এরপর দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা। এবারের আলোচনার বিষয় ‘শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’। রাত ৮টায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাত ১১টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে সিলেটের বিভিন্ন হিন্দু পরিবার ও দেবালয়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনির আয়োজন করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ ও পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হবে।

উৎসবের সার্বিক সাফল্যের জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেটের আহ্বায়ক শ্রীনীহার রঞ্জন দাস ও সদস্যসচিব শ্রী অসীম কুমার সিংহ (বাবলু)।