নারীর প্রতি অশালীন মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’ গ্রুপ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ১২:১৪
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ ইঙ্গিত কিংবা যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনা নতুন নয়। অপরাধ বা দুর্ঘটনার খবর প্রকাশিত হলেও অনেক সময় ভুক্তভোগী নারীকেই দোষারোপের শিকার হতে হয়। অনলাইনে এমন আচরণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ‘নো মোর সাইলেন্স’ নামের একটি ফেসবুক গ্রুপ। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্যক্তিদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক প্রকাশ করছে গ্রুপটি।
গত বছরের ২ নভেম্বর যাত্রা শুরু করা গ্রুপটির সদস্যসংখ্যা বর্তমানে ৩০ হাজারের বেশি। গ্রুপটির দাবি, এ পর্যন্ত নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা শতাধিক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও দূতাবাসে মন্তব্যের স্ক্রিনশট পাঠানো হয়েছে। এতে কোনো কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেছে বলেও দাবি গ্রুপটির।
গ্রুপটির প্রতিষ্ঠাতা লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট আবির আহম্মেদ পিয়াস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের মাধ্যমে মানুষের মর্যাদা ক্ষুণ্ন করার বিষয়গুলো সামনে আনাই তাঁদের উদ্দেশ্য। অনলাইনে করা মন্তব্যও সামাজিক আচরণের অংশ, তাই মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি অন্যের মর্যাদার প্রতিও দায়িত্বশীল থাকা জরুরি।
হবিগঞ্জে একটি কনসার্টে নারীদের যৌন হয়রানির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ছড়িয়ে পড়ার পর গ্রুপটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অপরাধের খবর, নারীদের প্রতিবাদ এবং ব্যক্তিগত ছবি ঘিরে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধেও সক্রিয় হয়েছে গ্রুপটি।
তবে এ ধরনের উদ্যোগে ভুল ব্যক্তির পরিচয় প্রকাশের ঝুঁকিও রয়েছে। সম্প্রতি এক ব্যক্তির পরিচয় প্রকাশের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ওই নামে তাদের কোনো কর্মী নেই। ফলে পরিচয় প্রকাশের আগে তথ্য যাচাইয়ের গুরুত্ব সামনে এসেছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্মের ফোকাল পারসন মনীষা বিশ্বাসের মতে, অনলাইনে হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মন্তব্যকারীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তবে কারও পরিচয় প্রকাশের আগে ভুয়া অ্যাকাউন্টের সম্ভাবনাসহ প্রাসঙ্গিক তথ্য যাচাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
