চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: সিলেটে স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯
ছবি: সংগৃহীত
হামের ক্রমবর্ধমান প্রকোপ নিয়ন্ত্রণে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ নিশ্চিত করেছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ সরেজমিনে পরিদর্শন করে তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের দক্ষ ব্যবস্থাপনার ফলে সময়মতো প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর ফলে হামের প্রকোপ রুখতে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা সহজ হবে।
পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।
