ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে আসছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি সিলেটে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্য বেড়ে ওঠা সিলেটের সন্তান হুমায়ুন কবির সরকারের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সিলেটে পৌঁছে তিনি জুমার নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও তার নতুন দায়িত্ব নিয়ে মতবিনিময় করবেন তিনি। এরপর বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, সর্বশেষ সাধারণ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠনের পর প্রাথমিকভাবে তাকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে গত ২১ আগস্ট তাকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে বিশেষ দায়িত্ব পালনকালে হুমায়ুন কবির মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পালন করবেন।
এদিকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সিলেট সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
