ছবি: ইমজা নিউজ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসকআব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন আমাদের সত্য, ন্যায় এবং মানবিকতার পথে চলার শিক্ষা দেয়। তাঁর জীবনাদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত পৃথক দুটি বর্ণাঢ্য নগর পরিক্রমা ও শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নিম্বার্ক আশ্রমের সামনে থেকে প্রথম পরিক্রমাটি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আরও বলেন, 'উৎসব সবার, ধর্ম যার যার। প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির রয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে একটি সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়তে আমরা বদ্ধপরিকর।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তারা সম্প্রীতির এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরবর্তীতে সিসিক প্রশাসক মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় ‘শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ’ আয়োজিত অপর একটি শোভাযাত্রা উদ্বোধন করেন। সেখানে তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং বিশেষ প্রকাশনা 'সারথি'র মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক নারদ বিশ্বাস, সদস্য সচিব পাচু মোহন বিশ্বাস, প্রধান উপদেষ্টা সুসেন্দ্র চন্দ্র সরকার, প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক পুলিন রায় এবং প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এই নগর পরিক্রমাগুলো সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
