সুনামগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সং/ঘ/র্ষ, শিশু ও নারীসহ আ/হ/ত ২২
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩২
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তার মালিকানা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই রক্তক্ষয়ী সংঘাত ঘটে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মো. শামীম মিয়ার সঙ্গে মাঝপাড়া গ্রামের আবুল খবরের ছেলে মো. সেলিম মিয়ার সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার সকালে রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হওয়া এই ঘটনায় দুই গ্রামেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন পশ্চিম নৈনগাঁও গ্রামের শামীম মিয়া (৩০), মইন উদ্দিন (৬০), ফয়েজ মিয়া (২০), খলিল (১৮), আঙ্গুর (৫০), সোহেল (১৩), বাবুল (৩৫), ফুলতারা বেগম এবং মাঝপাড়া গ্রামের সেলিম মিয়া (৪০), নিজাম উদ্দিন (৩৫), লিয়াকত আলী, আল আমিন (৩০), রহিমা বেগম (৩০), ফরিদ মিয়া (৩০) ও জহুর আলী (৪০) সহ আরও অনেকে।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
