ছবি: সংগৃহীত
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি যে এবার মাঠে গড়াচ্ছে না, সে বিষয়ে কিছুই জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৬ সেপ্টেম্বর) মিরপুর ইনডোর স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বিপিএল হবে না! আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমি জানতাম না যে এবার বিপিএল হবে না।’
বিপিএলের গুরুত্ব তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় বিপিএল অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং এটি প্রতি বছর হওয়া উচিত। কেন এবার এটি হচ্ছে না, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যাতে এই টুর্নামেন্ট নিয়মিত হয়, আমরা সেই নজরদারি নিশ্চিত করব।’
বিপিএল না হওয়ার সিদ্ধান্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় ক্রিকেটাররা। প্রতি বছর বিপিএল নিলাম ও টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকেন ঘরোয়া ক্রিকেটের বড় একটি অংশ। টুর্নামেন্ট না হওয়ার ফলে যে আর্থিক ক্ষতি হবে, তা মোকাবিলায় ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’-এর সাথে দফায় দফায় বৈঠক করেছে বিসিবি।
ক্ষতি পুষিয়ে নিতে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণি, টি-টোয়েন্টি এবং লিস্ট ‘এ’ টুর্নামেন্টের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। এর মাধ্যমে বিপিএল না হওয়ার ঘাটতি কিছুটা হলেও মিটবে বলে আশা করছে বোর্ড।
