ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৬
ছবি: ইমজা নিউজ
রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে পর্দা নেমেছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার।
রোববার (৬ সেপ্টেম্বর) জমজমাট ফাইনালে রাঙ্গামাটি জেলাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে টাঙ্গাইল জেলা দল।
দেশের ১৪টি জেলার কিশোরী ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টাঙ্গাইল নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। বড় ব্যবধানে জয় তুলে নিয়ে তারা ঘরে তোলে চ্যাম্পিয়ন ট্রফি। রাঙ্গামাটি হয় রানার্স-আপ।
প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এ সময় বিজয়ী টাঙ্গাইল দলকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নারী ফুটবলারদের নৈপুণ্যের প্রশংসা করেন। পাশাপাশি কিশোরী ফুটবলারদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ সারা দেশে ছড়িয়ে থাকা ক্রীড়া অবকাঠামোগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ের খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান কিশোরী ফুটবলারদের খুঁজে বের করা এবং তাদের প্রতিযোগিতামূলক ফুটবলের সঙ্গে যুক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এমন আয়োজন ভবিষ্যতে জাতীয় নারী ফুটবলের জন্য নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
